হুতিদের অভিযানের মুখে জিবুতিতে পালিয়েছে দু’হাজারের বেশি ইয়েমেনি

অনলাইন ডেস্ক

লোহিত সাগরের কৌশলগত বন্দরনগরী মোখা এবং বাব আল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হুতি বিদ্রোহীরা। এই সংঘাত থেকে নিজেদের বাঁচাতে নারী ও শিশুসহ দুই হাজারের বেশি মানুষ জিবুতির ওবোক উপকূলে পৌঁছেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে সংস্থাটি জানিয়েছে, ইয়েমেনের সহিংসতা থেকে পালিয়ে আসা দুই হাজারের বেশি মানুষ জিবুতির উপকূলে এসে পৌঁছেছেন।

জাতিসংঘের এই অভিবাসন সংস্থাটি আরও যোগ করেছে, তারা ইয়েমেন উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার (১২ মাইল) দূরের শহর ওবোকে স্থানীয় কর্তৃপক্ষ ও অংশীদারদের সাথে মিলে সেখানে পৌঁছানো মানুষদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করছে। যার মধ্যে রয়েছে পানি ও গরম খাবার।

আইওএম আরও জানায়, আরও বেশি সহায়তার প্রয়োজন।

এর আগে শনিবার ইয়েনেমের অর্থমন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালেহ জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের দ্রুতগতির অভিযানের মুখে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৪০০ ইয়েমেনি লোহিত সাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

আইওএম সতর্ক করে জানিয়েছে, গত সপ্তাহে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার পর থেকে ইয়েমেনে অন্তত ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) চলতি বছরের মার্চের তথ্য অনুযায়ী, জিবুতিতে বর্তমানে ৩৬ হাজারেরও বেশি নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থী বসবাস করছেন, যাদের সিংহভাগই সোমালিয়া, ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।

ইয়েমেন উপকূল থেকে সমুদ্রপথে মাত্র ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত ওবোক শহরটি বছরের পর বছর ধরে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনিদের প্রধান আশ্রয়স্থল হয়ে উঠেছে।

বিপরীতভাবে, হর্ন অব আফ্রিকা (পূর্ব আফ্রিকা) থেকে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার জন্য আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীরাও ট্রানজিট হিসেবে ইয়েমেনের এই পথটি ব্যবহার করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights