হেনরীর ব্যাংকে ২ হাজার কোটি টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দম্পতির ব্যাংক হিসাবে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। মামলায় তাদের প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গতকাল বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব জানান। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। দুদক জানায়, হেনরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট। এরপর মৌলভীবাজার থেকে গত ১ অক্টোবর স্বামীসহ গ্রেপ্তার হন হেনরী। মহাপরিচালক আক্তার হোসেন বলেন, হেনরী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে তার স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকা। হেনরী অবৈধভাবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৫৭৭ টাকা ও ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। আক্তার হোসেন জানান, শামীম তালুকদার স্ত্রী জান্নাত আরা হেনরীর অপরাধলব্ধ অর্থ দিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তার ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
