হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলা কে এই ক্যারোলিন লেভিট

অনলাইন ডেস্ক

রিপাবলিকান দলের নির্বাচনী প্রচার শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন লেভিট। ক্যারোলিন লেভিটের বয়স মাত্র ২৭ বছর এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন তিনি। হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। খবর রয়টার্সের।

শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন মানুষ। যোগাযোগের ক্ষেত্রে তিনি অনেক দুর্দান্ত। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’

কে এই ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট তার নিজ রাজ্যের ক্যাথলিক কলেজ সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। অধ্যয়নরত অবস্থাতেই তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেন। লেভিট ২০১৯ সালে স্নাতক পাস করার পরপরই প্রথম ট্রাম্পের হোয়াইট হাউজের প্রেস অফিসের জন্য কাজ শুরু করেন।
তিনি ২০২০ সালে পলিটিকোকে বলেছিলেন, অধ্যায়নরত অবস্থায় কাজ করার অভিজ্ঞতাই তাকে গণমাধ্যম জগতে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করেছে। তিনি হোয়াইট হাউজে প্রথমে ‘প্রেসিডেনশিয়াল রাইটার’ এবং পরবর্তীতে সহকারী প্রেস সেক্রেটারি হিসাবে কাজ করেন।

হোয়াইট হাউজ ছাড়ার পর লেভিট রিপাবলিকান দলের জ্যেষ্ঠ কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনে অংশ নেয়েছিলেন তিনি।

এরপর সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেন। এবার তিনি মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পেলেন। আসছে ২০ জানুয়ারি থেকে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। এছাড়া ক্যারোলিন লেভিট ব্যক্তিজীবনে বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান রয়েছে।

উল্লেখ্য, এর আগে, ক্যারোলিন লেভিটের আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে তিনি ২৯ বছর বয়সে রিচার্ড নিক্সনের প্রশাসনে এ পদে নিযুক্ত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights