হোয়াইট হাউসে যাচ্ছেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

বাণিজ্য ও সামরিক চুক্তিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “আমরা তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনেক বাণিজ্য ও সামরিক চুক্তি নিয়ে কাজ করছি, যার মধ্যে রয়েছে বৃহৎ পরিসরে বোয়িং বিমান বিক্রয়, একটি এফ-১৬ চুক্তি এবং এফ-৩৫ নিয়ে ধারাবাহিক আলোচনা। এ বিষয়গুলো আমরা ইতিবাচকভাবে শেষ হওয়ার আশা করছি।”

তুরস্ক ও এরদোয়ানের সঙ্গে ইতিবাচক সম্পর্কের বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এরদোয়ান ও আমার মধ্যে সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল। আমি ২৫ তারিখে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!”

তুরস্কের প্রেসিডেন্ট সর্বশেষ ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে গিয়েছিলেন। ২০১৭-২১ মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন তাদের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক থাকলেও সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক এবং মস্কোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক নিয়ে বিরোধের কারণে তাদের সম্পর্কে বেশ টানাপোড়েনও দেখা দেয়।

তুরস্ক ২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করে। প্রতিক্রিয়ায় ওয়াশিংটন তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের পরিকল্পিত বিক্রয় বাতিল করে এবং বিমানের যৌথ উৎপাদন কর্মসূচি থেকে আঙ্কারাকে বহিষ্কার করে। পরবর্তীতে এফ-১৬ যুদ্ধবিমান কেনার চুক্তিতে সম্মত হয় তুরস্ক। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights