হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন শি জিনপিং
অনলাইন ডেস্ক
হোয়াইট হাউসে উপস্থিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শেষভাগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব লক্ষ্যগুলো পরস্পরকে শক্তিশালী করতে পারে এবং এ জন্য দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।
বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে শি জিনপিং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকাকে আবার মহান করার’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) অঙ্গীকার করেছেন। এর পাশাপাশি চীনারাও জাতীয় পরাশক্তি হিসেবে নিজেদের পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চীনের আধুনিকীকরণ প্রতিনিয়ত নতুন ক্ষেত্র উন্মোচন করছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহৎ ও প্রভাবশালী দেশ হিসেবে কীভাবে একসাথে এগিয়ে যাওয়া যায়, সে লক্ষ্যে দুই দেশকে একটি ‘নতুন পন্থা’ অনুসন্ধানের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির সুস্বাস্থ্য কামনা করে টোস্ট প্রস্তাব করেন শি জিনপিং। একই সাথে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান।
সূত্র: বিবিসি
