১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ পালিত হবে ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছরে দিবসটির প্রতিপাদ্য, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় দিবসটি উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দিবস উদযাপন উপলক্ষে গঠিত বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন এবং অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন। আজ সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রাসহ স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এ সময় জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সংগীত পরিবেশিত হবে।

এরপর সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

এদিকে দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আজ দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার ও অনলাইন ডেলিভারি এবং অন্যান্য জরুরি সরকারি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাই কোর্ট মোড় পর্যন্ত সড়ক উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights