১০ কোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে চর বাগডাঙ্গা ইউনিয়নে ভারত থেকে আসা ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম। গ্রেফতার ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ সদর জাইরা মোড়ল এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী র‌্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বৃহস্পতিবার ভোরে হেরোইনের একটি বড় চালান রুস্তম আলী নামে এক ব্যক্তির মাধ্যমে গ্রেফতার ধুলু মিয়ার কাছে এসে পৌঁছায়। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করা হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়।
পরে তার ছেলে মোমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাড়ির পেছনের বাঁশ বাগানের মাটির গর্তে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা আছে। পরে র‌্যাব সেখান থেকে হেরোইনগুলো জব্দ করে এবং মোমিনুলের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলু মিয়াকে গ্রেফতার করে। বাবা-ছেলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights