১১ শিক্ষকের ৩ জন শিক্ষার্থী, পাস করেনি কেউ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই পাস করেনি। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ১৭ জন শিক্ষক-কর্মচারী থাকলেও তিন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০০৫ সালে এমপিওভুক্ত হয়। ২০২৫ সালে নিম্নমাধ্যমিক থেকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। ওই বছর ছয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছিল। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে।

এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীই মানবিক বিভাগের। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। গত সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বলেন, এর আগে বিদ্যালয়টির ফলাফল এমন বিপর্যায় হয়নি। তিনজন শিক্ষার্থী সবাই গণিতে ফেল করেছে। এর অন্যতম কারণ হচ্ছে, গণিত শিক্ষক ফারুক খালেক। তিনি দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থ। বর্তমানে গণিতের ওই শিক্ষক একটি মামলায় কারাগারে আছেন।

এদিকে জেলার সাদুল্লাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকেও এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউ পাস করেনি।

এ নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুটি বিদ্যালয়ে শতভাগ ফেল করার কারণ জানতে প্রধান শিক্ষকদের কাছে জবাব চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমপিওভুক্ত কোনো বিদ্যালয় থেকে এমন ফলাফল প্রত্যাশিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights