‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

অনলাইন ডেস্ক
এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি (ইবান) বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।

মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ থেকে এম ডি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজের পক্ষে জিডি করেন।

জিডির আবেদনে বলা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো অধিকার তার নেই।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে বক্তব্য দিতে দেখা যায়। কলেজের দাবি, তিনি প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও কলেজের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তুরাগ থানার কাছে আবেদন করেছে মাইলস্টোন কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights