১৬ নভেম্বরের মধ্যে দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতসহ আট দলের

অনলাইন ডেস্ক
বুধবার (১২ নভেম্বর) দুপুরে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি ভিডিও থেকে সংগৃহীত।

জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবি আগামী ১৬ নভেম্বরের মধ্যে মেনে না নিলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

কর্মসূচি ঘোষণা

১৩ নভেম্বর, বৃহস্পতিবার:

ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক সকল শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

১৪ নভেম্বর, শুক্রবার:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর, রবিবার:

আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হবে। এর আগে যদি সরকারের পক্ষ থেকে জনগণের দাবি না মানা হয়, তবে ওই সংবাদ সম্মেলন থেকেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights