১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

অনলাইন ডেস্ক

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর অস্ট্রেলিয়ায় প্রায় ৭ লাখ ৫৬ হাজার কিশোর-কিশোরীর সন্দেহভাজন ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশটির আইন মেনে চলার অংশ হিসেবে এসব অ্যাকাউন্ট সরানো হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

এর আগে জানুয়ারি পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম ও ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরানোর তথ্য দিয়েছিল প্রতিষ্ঠানটি।
বিশ্বে প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা গত বছর ১০ ডিসেম্বর কার্যকর হয়।

শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব কমানোর লক্ষ্যেই আইনটি করা হয়েছে।
তবে মেটাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান শুরু থেকেই এ আইনের বিরোধিতা করে আসছে।

এখন আইন মেনে চলার প্রতিশ্রুতি দিলেও অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ করেছে, কয়েকটি প্ল্যাটফর্ম আইন বাস্তবায়নে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, মেটার দেওয়া তথ্যের সঙ্গে সরকারি পরিসংখ্যান ও স্বাধীন গবেষণার ফলাফলেরও পার্থক্য দেখা গেছে। এসব তথ্য অনুযায়ী, আইন কার্যকর হওয়ার পর প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সী ১০ জনের মধ্যে আটজনের বেশি কোনো না কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছে।

মেটা জানিয়েছে, বয়সের কারণে কোনো অ্যাকাউন্ট বন্ধ করা হলে একই ব্যক্তি যাতে বারবার নতুন অ্যাকাউন্ট খুলতে না পারেন, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights