‘১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজাব, প্রত্যেক জেলায় বেজে উঠবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের মাটিতে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন করতে আগামী ১৬ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেলস ক্লাবে দলের নেতাকর্মীদের সাথে এক সভায় এ ঘোষণা দেন তিনি।

ওই সভায় শামীম ওসমান বলেন, অতীতের ধারাবাহিকতায় বারবার নারায়ণগঞ্জ প্রমাণ করেছে যে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়তে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা একাই যথেষ্ট। ঢাকায় সম্প্রতি ছাত্রলীগ সাবেশে, এলিভেটেডে এক্সপ্রেওয়েসহ তিনটি অনুষ্ঠানে শুধু নারায়ণগঞ্জ থেকেই ২৫-৩০ হাজার নেতাকর্মী ঢাকায় অংশ নিয়েছে। এ জন্য আমি শামীম ওসমান আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আগেও বলেছি নারায়ণগঞ্জের লাখো নেতাকর্মী ঢাকার রাজপথে যে কোন প্রয়োজনে উপস্থিত থাকতে প্রস্তুত থাকে।

১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সমাবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের ধারাবাহিকতা রক্ষা করে সেদিন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দেখিয়ে দেবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে ও থাকবে। এই নারায়ণগঞ্জ থেকেই রাষ্ট্র বিরোধী অপশক্তির বিরুদ্ধে আগেও ঘণ্টা বাজিয়েছি। এবার ঘণ্টা বাজাব। আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন। আমরা এমন আওয়াজ তুলে ঘণ্টা বাজাব যা সারাদেশে প্রত্যেক জেলায় জেলায় বেঁজে উঠবে। নারায়ণগঞ্জ থেকেই সেই ঘণ্টা বাজানো শুরু হবে ইনশাআল্লাহ। সেদিন আমি মন্ত্রীকে দাওয়াত করব আশা করি কোন ব্যস্ততা না থাকলে উনি উপস্থিত থাকবেন।
তিনি বলেন, বিএনপি খালি বলে পুলিশ ছাড়া আসতে, আমি বলি পুলিশকে, আপনারা সব তাদের (বিএনপি) সাথে থাকেন, ওদের জন্য আমরাই যথেষ্ট।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে। এ মাসে আর বাকি ২০ দিন। অক্টোবরে আর ৩০ দিন। এরপর নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা। তখন সবাই সমান। আপাতত আসুন আমরা সবাই এক থাকি।

এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights