১৭ বছর পর খুললো মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর মিরপুরের বহুল প্রতীক্ষিত ৬০ ফিট সংযোগ সড়ক নির্মাণের পর সর্বসাধারণের যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে এই সড়কটি যান চলাচলের জন্য খুলে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘এই শহরের গত ১৫, ২০ কিংবা ৩০ বছরের যে পেন্ডিং কাজগুলো রয়েছে, সেগুলো আমরা একে একে সমাধান করার চেষ্টা করছি। ৬০ ফিট সংযোগ সড়কের কাজটি দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। এই সড়কের কাজের সঙ্গে সরকারের আরো অনেক দপ্তর জড়িত ছিল। বলা হয় যে, সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় করা কঠিন কিন্তু এ রাস্তাটির ক্ষেত্রে আমরা সেই কঠিন কাজটা শেষ করে মাত্র ২ মাসেই নগরবাসীর জন্য রাস্তাটা খুলে দিতে পেরেছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার বক্তব্যে বলেন, এই রাস্তাটির একটি প্রতীকী তাৎপর্য রয়েছে। তা হলো-সরকারের সব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি এক জায়গায় এসে কাজ করে, তাহলে এই নগরকে এখনো বাসযোগ্য করে তোলা সম্ভব।

তিনি আরো বলেন, আমাদের নগরবাসীকে দৈনন্দিন হয়রানি থেকে মুক্তি দিতে হবে। তাহলেই সবার জন্য একটি ন্যায্য নগর গড়ে তোলা সম্ভব হবে।

রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ লাঘবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights