১৮০০ কেজির সানফিশকে সজোরে ধাক্কা দিল কিলার তিমি, টুকরো টুকরো হলো শরীর
অনলাইন ডেস্ক
বিশাল আকারের একটি সানফিশকে সজোরে ধাক্কা মেরে টুকরো টুকরো করে ফেলছে কিলার তিমি বা অর্কা! সম্প্রতি পানির নিচে ধারণ করা একটি ভিডিওতে তিমির এমন অভিনব ও অজানা শিকারের কৌশল দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন গবেষকরা।
সিএনএন জানায়, ২০২৪ ও ২০২৫ সালে মেক্সিকোর প্রশান্ত মহাসাগর এবং ক্যালিফোর্নিয়া উপসাগরে দুটি ভিন্ন ঘটনায় এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হয়। সামুদ্রিক সংরক্ষণ সংস্থা ‘বিনিথ দ্য ওয়েভস’-এর গবেষক ক্যাথরিন আইরেস প্রথম ঘটনাটি ভিডিও করেন।
ভিডিওতে দেখা যায়, দুটি অর্কা দলবদ্ধভাবে শিকার করছে। একটি তিমি দানবাকৃতির সানফিশটির লেজ ধরে রাখে এবং অন্যটি তীব্র বেগে সেটির দিকে ছুটে আসে। ঠিক ধাক্কা লাগার মুহূর্তে প্রথম তিমিটি শিকারকে ছেড়ে দেয়। এরপর দ্বিতীয় তিমির প্রচণ্ড ধাক্কায় ১৮০০ কেজি ওজনের মাছটি শত শত টুকরো হয়ে যায়। পরে ভাসমান সেই টুকরোগুলো শিশু তিমিরা খেতে শুরু করে।
বিজ্ঞানীরা বলছেন, ধাক্কা দিয়ে শিকারকে টুকরো করার এই কৌশল আগে কখনো দেখা যায়নি। এটি তাদের সম্পূর্ণ নতুন আচরণ। তরুণ তিমিদের খাওয়ানো বা নিজেদের মধ্যকার সামাজিক বন্ধন দৃঢ় করতেই হয়তো তারা এই কৌশল বেছে নিয়েছে। তবে এটি তিমির নিছক খেলাধুলাও হতে পারে।
