১৮ আগস্ট থেকে অনলাইন ক্লাস জবিতে, বয়কট ঘোষণা শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
আগামী ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সশরীরে ক্লাস চালু করার বিষয়ে সকল অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভায় উপাচার্যের সভাপতিত্বে সিদ্ধান্ত হয় ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল খুলে দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার আরও বলেন, সশরীরে ক্লাস কখন থেকে হবে, তা সব অনুষদের ডিন, চেয়ারম্যান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে অধিকাংশ বিভাগের স্ব স্ব ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অনলাইন ক্লাস বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে না এসে অনলাইনে সিন্ডিকেট সভা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানাচ্ছে অনেক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্রিয়া বডির সদস্যরা সহযোগিতা না করাই তাদের দ্রুততম সময়ে পদত্যাগ করতে হবে। এছাড়া আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে যে শিক্ষকেরা বক্তব্য দিয়েছেন তাদের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
