১৮ বছরেই তিন ফরম্যাটে সেঞ্চুরির রেকর্ড আয়ুশের

অনলাইন ডেস্ক

মাত্র ১৮ বছর বয়সে স্বীকৃত ক্রিকেটের তিন ফরম্যাটেই (ফার্স্ট ক্লাস, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি) সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে।

সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে শুক্রবার বিদর্ভার বিপক্ষে ৫৩ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে এটিই তার প্রথম সেঞ্চুরি। ১৮ বছর ১৩৫ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তরুণ ওপেনার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ইনিংসে ২টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে এরই মধ্যে ৭ ইনিংসে তিনি করেছেন ২টি সেঞ্চুরি। স্বীকৃত ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন তিনি। এত দিন এই রেকর্ডটি ছিল ভারতের কিংবদন্তি ওপেনার রোহিত শর্মার। ১৯ বছর ৩৩৯ দিন বয়সে তিন ফরম্যাটেই শতক পূর্ণ করেছিলেন দেশটির সাবেক অধিনায়ক।

এছাড়া টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার এখন আয়ুশ। তার চেয়ে কম বয়সে এই সংস্করণে সেঞ্চুরি করতে পেরেছেন শুধু বৈভব সূর্যবংশী ও বিজয় জোল।

আয়ুশের রেকর্ড গড়ার দিনে বিদর্ভাকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই। লখনৌর মাঠে আগে ব্যাট করে দুই ওপেনার অথর্ব তাইড়ে (৬৪) ও আমান মোখারের (৬১) ফিফটিতে ১৯২ রানের বড় পুঁজি পায় বিদর্ভা। তবে আয়ুশের বিধ্বংসী সেঞ্চুরিতে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় মুম্বাই। শিবাম দুবে ১৯ বলে ৩৯ ও সূর্যকুমার যাদব ৩০ বলে ৩৫ রান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights