‘১ টাকা লাভের দোকান’-এ স্বস্তিতে ক্রেতারা
দিনাজপুর প্রতিনিধি
রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতির অভিযোগ ওঠে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়ে চরম ভোগান্তিতে। এমন প্রেক্ষাপটে পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ শহরের ব্যবসাপ্রতিষ্ঠান এস এ ট্রেডার্স।
প্রতিষ্ঠানটি প্রায় ২০০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য মাত্র ১ টাকা লাভে বিক্রি করছে। এ উদ্যোগ এলাকায় ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের কাছে দোকানটি এখন পরিচিত হয়ে উঠেছে ‘১ টাকা লাভের দোকান’ নামে।
দোকানটিতে খোলা সেমাই, দেশি ছোলা, চিনি, সয়াবিন তেল, মুড়ি, ডিম, চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য মাত্র ১ টাকা লাভে বিক্রি করা হচ্ছে। কম দামে প্রয়োজনীয় পণ্য কিনে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
ক্রেতা জলিল আলী বলেন, ‘১ টাকা লাভের দোকান থেকে মালপত্র কিনে অনেক শান্তি পাচ্ছি। দামাদামি করতে হয় না, অন্যান্য দোকানের তুলনায় দামও কম।’
রিকশাচালক আমজাদ হোসেন বলেন, ‘এ ধরনের দোকান যদি সারা বছর চালু থাকে, তাহলে আমরা জিনিসপত্র কিনে ঠকব না।’
আরেক ক্রেতা শেখ কামাল জানান, ‘এখানে কেনাকাটা করলে স্বস্তি পাওয়া যায়। দাম নিয়ে কোনো ঝামেলা নেই। গত রমজানেও এখান থেকে কেনাকাটা করেছি। এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই উপকারী।’
মোজাম্মেল হক নামের এক ক্রেতা বলেন, ‘শুধু রমজান মাসেই নয়, সারা বছর এমন উদ্যোগ থাকলে সাধারণ মানুষের আরও বেশি উপকার হতো।’
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নাজমুল ইসলাম (সুমন) বলেন, ‘হালাল ব্যবসাই উত্তম ব্যবসা। আমি ১১ মাস হালালভাবে ব্যবসা করে যে আয় করেছি, তা দিয়ে রমজান মাস চলতে পারব, ইনশাআল্লাহ। তাই পবিত্র এই মাসে প্রথম রমজান থেকে দুই শতাধিক পণ্য মাত্র ১ টাকা লাভে বিক্রি করছি। গত রমজানেও একই উদ্যোগ নিয়েছিলাম।’
তিনি আরও জানান, কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনার পর মানুষের কল্যাণে কিছু করার ভাবনা থেকেই এই উদ্যোগের সূচনা।
