১/১১-এর বিতর্কিত কর্মকাণ্ডে মতি-মাহফুজের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা ছিল : জুলকারনাইন সায়ের

এক-এগারোর বিতর্কিত কর্মকাণ্ডে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা ছিল বলে দাবি করে একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করেন তিনি। সংযুক্ত ওই ভিডিওতে মতিউর রহমান ও মাহফুজ আনাম এক-এগারো প্রসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। তাদের এই বক্তব্য ভয়েস অফ আমেরিকা বাংলা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইউটিউব চ্যানেলের লিংক থেকে নেওয়া হয়েছে বলে ফেসবুক পোস্টে দাবি করেছেন জুলকারনাইন সায়ের।

ফেসবুকে ভিডিও’র সঙ্গে পোস্ট করা জুলকারনাইন সায়েরের লেখা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো :

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয় ২০০৭ সালের ১১ জানুয়ারি , যা ‘এক-এগারো’ বা ‘ওয়ান ইলেভেন’ নামে বহুল আলোচিত। এই এক-এগারোর গুরুত্বপূর্ণ দুই চরিত্র লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছে, এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদে একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক এই সেনাকর্মকর্তারা বেশকিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন দাবি করে বিভিন্ন গণমাধ্যম বেশকিছু প্রতিবেদনও প্রকাশ করেছে।

এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে, ২০০৭ সালের এক-এগারোর সময় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রভাবশালী একজন সামরিক কর্মকর্তা। তিনি সেসময় গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, শীর্ষ রাজনীতিকদের গ্রেফতার, বিশেষ কারাগার, রাজনৈতিক পুনর্বিন্যাস—এসবের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সাম্প্রতিক জিজ্ঞাসাবাদে এসবের বিস্তারিত তিনি স্বীকার করেছেন বলেই জানা গেছে।

আর তখন মেজর জেনারেল (অব.) শেখ মামুন খালেদ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো (সিআইবি)-এর পরিচালক ছিলেন এবং রাজনীতিবিদদের নিপীড়নে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

২০০৮ এর নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও বেশ কিছুদিন তিনি একই পদে ছিলেন। এরপর ২০১১ সালে তাকে এই সংস্থার মহাপরিচালক পদে পদায়ন করা হয়।

কয়েকটি পত্রিকার প্রতিবেদনে এক-এগারোর মুখ্য কুশীলব উপরে উল্লিখিত এই দুই কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে, দেশের অন্যতম প্রভাবশালী দুটি পত্রিকা—দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের এক-এগারোর বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার বিভিন্ন তথ্য।

সেসবের সূত্র ধরে এই দুই সম্পাদক অতীতে এক-এগারো প্রসঙ্গে অনরেকর্ড কি বক্তব্য দিয়েছেন তা আপনাদের জ্ঞাতার্থে সংযুক্ত ভিডিওতে প্রকাশ করা হলো। তাদের এই বক্তব্য কমেন্টে প্রদত্ত ভয়েস অব আমেরিকা বাংলা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইউটিউব চ্যানেলের লিংকে হতে প্রাপ্ত।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও মেজর জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এর জবানবন্দির বরাতে যেসকল সংবাদ প্রকাশ হচ্ছে সেসবের সত‍্যতা নির্ণয় করতে এই ভিডিওটি কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights