২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করতে কত ম্যাচ জিততে হবে ব্রাজিলকে?

অনলাইন ডেস্ক
কঠিন সময় পার করছে বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল। তবে এবারের লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ফলাফল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ব্রাজিল কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে?

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে সেলেসাওরা। যেখানে জয় মাত্র পাঁচটিতে। বাকি সাত ম্যাচের মধ্যে তিনটিতে ড্র ও চারটিতে পরাজয়। পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান এখন পাঁচ নম্বরে। হাতে আছে মাত্র ছয়টি ম্যাচ।

অথচ এই ব্রাজিলই ২০০৩ সাল থেকে ২০২২ বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের ৭১ ম্যাচ খেলে মাত্র পাঁচ ম্যাচে হেরেছিল। এমনকি বিশ্বকাপের কোনো আসরে কোয়ালিফাই করতে এতোটা চিন্তায় পড়তে হয়নি তাদের। তাহলে কি ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব পার করতে পারবে না ব্রাজিল?

পাঁচবারের বিশ্বচ্যাম্পিযনদের অবশ্য এখনই দুশ্চিন্তার কারণ নেই, কেন না যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। তাই লাতিন আমেরিকা থেকে মোট ছয়টি দল সরাসরি সুযোগ পাবে টুর্নামেন্টে, এছাড়া সাত নম্বরে থাকা দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ জিতে আসতে পারবে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে হলুদ জার্সিধারীরা। এই অবস্থান শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেই সরাসরি বৈশ্বিক আসরে জায়গা পাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার পয়েন্ট পার্থক্য সাত, এছাড়া উরুগুয়ের সঙ্গে দুই এবং ইকুয়েডর ও কলম্বিয়া থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। ব্রাজিলের পরে অবস্থান করা প্যারাগুয়ের সঙ্গে অবশ্য ব্যবধান একদমই কম, মাত্র ১ পয়েন্ট। কিন্তু সপ্তম স্থানে থাকা বলিভিয়া থেকে ৪ পয়েন্ট এগিয়ে সেলেসাওরা। সেরা ছয়ে থাকতে হলে সতর্ক থাকার কোন বিকল্প নেই দরিভাল জুনিয়রের শিষ্যরা।

ফুটবোমের তথ্য মতে, দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোকে বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে হলে অন্তত ২৪ পয়েন্ট লাগবে। আগে লাগতো ২৭ পয়েন্ট, কিন্তু এবার দলের সংখ্যা বাড়ায় তিন পয়েন্ট কমে ২৪ এ এসেছে। সে হিসেবে ব্রাজিলের হাতে রয়েছে আরও ছয়টি ম্যাচ। যেখানে অন্তত দুইটিতে জিততে হবে সেলেসাওদের। বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত্য দুইটিতে ড্র করতে হবে ভিনিসিয়ুস-রাফিনহাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights