২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে এআই মানুষকে ছাড়িয়ে যাবে: ইলন মাস্ক
অনলাইন ডেস্ক
বিজ্ঞান, চিকিৎসা, গবেষণা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন কাজ, সবখানেই দ্রুত জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এবারে এআই নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনী ইলন মাস্ক। তার মতে আগামী এক-দুই বছরেই পরিস্থিতি আরও নাটকীয়ভাবে বদলে যেতে পারে।
ইলন মাস্ক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী বছরের শেষ নাগাদ, অথবা সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে সব ক্ষেত্রে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এআই গবেষক ফ্রাঁসোয়া শোলের একটি পুরোনো পূর্বাভাসের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এমন মন্তব্য করেন তিনি।
এআইয়ের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এমন আলোচনা অবশ্য নতুন নয়। ২০২১ সালে প্রখ্যাত এআই গবেষক ফ্রাঁসোয়া শোলে এক দীর্ঘ নিবন্ধে বলেছিলেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এমনকি প্রত্নতত্ত্বের মতো বিষয়গুলোও গভীরভাবে কম্পিউটার প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
তার মতে, ২০০০ সালে কেউ যদি বলতেন, ‘বেশির ভাগ প্রতিষ্ঠানই একসময় প্রযুক্তিপ্রতিষ্ঠান হয়ে যাবে’, তাহলে অনেকেই হয়তো তা নিয়ে হাসাহাসি করতেন। কিন্তু দুই দশক পর দেখা গেছে, ওয়ালমার্ট ও ফেডেক্সের মতো প্রতিষ্ঠানও শুধু পণ্য, গুদাম ও পরিবহনের ওপর নির্ভর করছে না, তাদের কার্যক্রম পরিচালনায় সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তাই এখন বিষয়টি আর অস্বাভাবিক বলে মনে হয় না। প্রায় পাঁচ বছর পর সম্প্রতি শোলে তার সেই পোস্ট আবার প্রকাশ করেন।
তিনি লেখেন, ২০২১ সালে যে পূর্বাভাস নিয়ে ব্যাপক আপত্তি উঠেছিল, সময়ের সঙ্গে সেটিই এখন প্রতিদিন আরও স্পষ্ট ও বাস্তব বলে মনে হচ্ছে।
শোলের ধারণা ছিল, এআই ধীরে ধীরে বিজ্ঞানের প্রতিটি শাখার অপরিহার্য অংশ হয়ে উঠবে। এআই ইতিমধ্যে গবেষণায় তথ্য বিশ্লেষণ, জটিল সিমুলেশন পরিচালনা ও মানুষের চোখ এড়িয়ে যাওয়া বিভিন্ন ধরন বা সম্পর্ক শনাক্ত করার কাজে ব্যবহৃত হচ্ছে। প্রোটিনের গঠন নির্ণয়, নতুন উপাদান নিয়ে গবেষণা ও জলবায়ু মডেল তৈরির মতো ক্ষেত্রেও এআই ব্যবহার করে অগ্রগতি হচ্ছে।
এআই মানুষের সক্ষমতাকে কখন ছাড়িয়ে যেতে পারে, তা নিয়ে মাস্ক এর আগেও একাধিকবার পূর্বাভাস দিয়েছেন। ২০১৭ সালে একটি গবেষণায় বলা হয়েছিল, ২০৬০ সালের মধ্যে এআই সব ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যেতে পারে। তখন মাস্ক বলেছিলেন, ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যেই এমনটি ঘটতে পারে। গত জানুয়ারিতে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে এই সময়সীমা আরও এগিয়ে আনেন মাস্ক।
তিনি জানান, ২০২৬ সালের শেষ নাগাদ, না হলে সর্বোচ্চ ২০২৭ সালের মধ্যে এআই যেকোনো মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। এরপরের পাঁচ বছরের মধ্যে এআই মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে
