২০ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি নিখোঁজ শিক্ষার্থীর, উৎকণ্ঠায় পরিবার
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী। গত ১১ আগস্ট থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবার ও স্বজনরা। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষার্থীর মা।
নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা মনিরাম গ্রামে। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওই শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, সহজ-সরল মেয়েটি বাবা-মাকে না জানিয়ে কখনো কোথাও যাননি। হঠাৎ এ ভাবে মেয়েটি নিখোঁজ হওয়ায় তারা ভীষণ ভাবে চিন্তিত হয়ে পড়েছেন।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা বলেন, ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চাকুরির সুবাদে বাড়িতে থাকি না আমি। বড় ভাইয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে আমার পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু এখন পর্যন্ত মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে মানসিক ভাবে দুশ্চিন্তায় বিপর্যস্ত পুরো পরিবার। নিখোঁজ মেয়ের সন্ধান পেতে পুলিশসহ সবার কাছে আকৃতি জানিয়ে হাউমাউ করে কেঁদেছি এখন পর্যন্ত কোন সন্ধান মিলেনি।
নিখোঁজ শিক্ষার্থীর মা বলেন, ও পরিবারের বড় মেয়ে। এসএসসি পরীক্ষার সে এ গ্রেডে পাশ করেছে। এতে মেয়েসহ আমরা সবাই খুশি। মেয়ে তার খুশির সংবাদ প্রতিবেশীদের জানাতে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে আসেনি। পরে আত্মীয় স্বজন এবং ওর বন্ধু বান্ধবীদের সাথে কথা বলি। তারাও ওর বিষয়ে কোনো সন্ধান দিতে পারেনি। পরে নিরুপায় হয়ে থানায় জিডি করি। এখন পর্যন্ত তারাও কোন সন্ধান দিতে পারেননি। মেয়ে এখন আমার বেঁচে আছে, না মরে গেছে কিছুই তো বলতে পারছি না, বলতে না বলতেই কেঁদে ফেলেন নিখোঁজ শিক্ষার্থীর মা।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন পুলিশ। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই পজিটিভ কিছু হবে।
