২০ হাজার ফুট ওপরে ভাঙল উড়োজাহাজের জানালা, বাতাসে ছিটকে যাচ্ছিলেন বৃদ্ধ!

অনলাইন ডেস্ক

মাঝ আকাশে হঠাৎ বিকট শব্দে ভেঙে গেল উড়োজাহাজের জানালা! ২০ হাজার ফুট ওপরে এক বৃদ্ধ যাত্রীর অর্ধেক শরীর বাতাসের টানে বেরিয়ে গেল বাইরে। এমনই এক ভয়াবহ ঘটনার ভিডিও সামনে এসেছে। গত শুক্রবার (১০ জুলাই) গ্রিস থেকে জার্মানি যাওয়ার পথে ‘রায়ানএয়ার’-এর একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।

উড্ডয়নের মাত্র ৬ মিনিট পর উড়োজাহাজটি যখন ১৫ হাজার ফুট ওপরে, তখন টায়ার ফাটার মতো বিকট শব্দ হয়। উড়োজাহাজের ইঞ্জিনের একটি ব্লেড ছুটে এসে জানালায় আঘাত করে। এতে জানালাটি ভেঙে যায় এবং ভেতরের বাতাস দ্রুত বেরিয়ে যেতে থাকে। কেবিনে অক্সিজেনের মাস্ক নেমে আসে এবং তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।

জানালা ঘেঁষে বসেছিলেন ৬১ বছর বয়সী এক সার্বিয়ান নাগরিক। বাতাসের প্রচণ্ড টানে তার মাথা ও কাঁধ জানালার বাইরে চলে যায়। সৌভাগ্যক্রমে তার সিট বেল্ট বাঁধা ছিল। তার স্ত্রী প্রায় পাঁচ মিনিট ধরে তার পা শক্ত করে ধরে রাখেন। এতে তিনি পুরোপুরি বাইরে ছিটকে পড়া থেকে রক্ষা পান। পরে অন্য যাত্রীরা ছুটে এসে তাকে ভেতরে টেনে আনেন।

প্রকাশ হওয়া নতুন একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজের ইঞ্জিনের বাইরের আবরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং সেখানে একটি ব্লেড নেই।

আহত ওই যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘর্ষণের কারণে তার ঘাড় ও কাঁধে আঘাত লেগেছে, তবে তিনি ভালো আছেন।

রায়ানএয়ারের মুখপাত্র জানিয়েছেন, গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেনগামী উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার নিরাপদে ফিরে আসে। দুর্ঘটনায় আহত যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights