২২২ রান তাড়া করে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
অনলাইন ডেস্ক
আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপ শুরুর আগেই সিরিজে দারুণ ছন্দে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
পার্লে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৩ রান হেসেখেলে ৯ উইকেট ও ১৩ বল হাতে রেখে টপকে গিয়েছিল এইডেন মার্করামের দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ২২১ রানের সংগ্রহও প্রোটিয়াদের দারুণ ব্যাটিংয়ের সামনে বড় মনে হয়নি। কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৫ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৭ উইকেটে।
টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২২১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ৩০ বলে ৪৯, সিমরন হেটমায়ার ৪২ বলে ৭৫ আর শেষদিকে শেরফান রাদারফোর্ড ২৪ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৫৭ রানের ইনিংস।
স্বাগতিকদের রান তাড়া সহজ হয়ে যায় ডি কক ও রিকেলটনের দারুণ দুটি ইনিংসের কল্যাণে। ১০ ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে ১১৫ রানের ইনিংস খেলেন ডি কক। রিকেলটনের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে অপরাজিত ৭৭। দ্বিতীয় উইকেটে ৭২ বলে দুজনের ১৬২ রানের জুটিটি গড়ে দিয়েছে প্রোটিয়াদের জয়ের ভিত।
সিরিজ জয় নিশ্চিত করে শনিবার (৩১ জানুয়ারি) জোহানেসবার্গে তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২২১/৪ (হেটমায়ার ৭৫, রাদারফোর্ড ৫৭*, কিং ৪৯, রোমারিও ১৭*; মহারাজ ২/২২, রাবাদা ১/৩৫, ইয়ানসেন ১/৩৯)।
দক্ষিণ আফ্রিকা: ১৭.৩ ওভারে ২২৫/৩ (ডি কক ১১৫, রিকেলটন ৭৭*, মার্করাম ১৫; আকিল ২/৪১, ফোর্ড ১/৩৪)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কুইন্টন ডি কক।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০’তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
