২৯৫ আসনে জিতবে ইন্ডিয়া জোট, দাবি কংগ্রেস সভাপতির

অনলাইন ডেস্ক

ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। সাত দফায় অনুষ্ঠিত এই নির্বাচন শনিবার শেষ হয়েছে। এই নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোট ২৯৫টির বেশি আসনে জিতবে বলে দাবি করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

শেষ ধাপের ভোটগ্রহণ শেষে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক শেষে এসব কথা বলেন কংগ্রেস সভাপতি।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দিল্লিতে খাড়গের বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, “ইন্ডিয়া জোট অন্তত ২৯৫ আসন পাবে। এর বেশিও হতে পারে; কিন্তু কম হবে না। আমরা সব নেতার সঙ্গে আলোচনা ও ভোট বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছি। ইন্ডিয়া জোট এবার যে এত আসন পাচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এটা জনগণের জরিপ। মানুষ যেসব তথ্য দিয়েছেন, তার ভিত্তিতে এই জরিপ করা হয়েছে।”
কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি নিজেদের মতো একটি গল্প তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তাদের সেই চেষ্টার বিরুদ্ধে নির্বাচনী ফলাফল নিয়ে সত্যটা জনগণের কাছে তুলে ধরতে চায় ইন্ডিয়া জোট। মল্লিকার্জুন খাড়গে বলেন, “সরকারি জরিপ হয়। তাদের (বিজেপি) কাছে জরিপ তৈরির নানা উপায় আছে। এছাড়া তা প্রচারের জন্য সংবাদমাধ্যমও আছে।”

ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মল্লিকার্জুন খাড়গে বলেন, তারা (ইন্ডিয়া জোট) ঐক্যবদ্ধ আছে। তাদের এই ঐক্যে যেন কেউ ফাটল ধরানোর চেষ্টা না করে। তিনি এ সময় বলেন, “আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights