২ মাসের জন্য মাঠের বাইরে ব্রাজিল তারকা

অনলাইন ডেস্ক

সম্প্রতি ফিফা নিষেধাজ্ঞার শঙ্কা থেকে মুক্তি পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে টানা ব্যর্থতার বৃত্ত ভাঙার লক্ষ্যে নামার অপেক্ষায় সেলেসাওরা। ঠিক এরই মাঝে তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার ইনজুরির খবর এসেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্টহ্যামের হয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু বাঁ-হাঁটুর চোটে পাকেতাকে অন্তত ২ মাসের জন্য বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম বিবিসি।

গত রবিবার এফএ কাপের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে ওয়েস্টহ্যামের হয়ে খেলেছেন এই ব্রাজিল তারকা। গত ডিসেম্বরের শেষদিকে আর্সেনালের বিপক্ষে পাওয়া চোট নতুন করে এদিন জেগে উঠেছে পাকেতার। যে কারণে ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে মাঠ ছাড়তে হয়। হাঁটুতে চোট থাকায় ২ জানুয়ারি ব্রাইটনের বিপক্ষেও ম্যাচটি খেলতে পারেননি তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পাকেতার চোটের মাত্রা জানার জন্য একজন বিশেষজ্ঞকে দেখাতে হবে। ২০২৩ সাল-জুড়ে ওয়েস্টহ্যামের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তার ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিতভাবে বড় ধাক্কা হয়ে আসছে ডেভিড ময়েসের দলের জন্য। ৪৩ বছরের ইতিহাসে ওয়েস্টহ্যাম গত বছরের জুনে প্রথম কোনো শিরোপা জিতেছিল। ইউরোপা কনফারেন্স লিগে ফ্লোরেন্তিনাকে হারানোর দিনও ম্যাচজয়ী গোলটি আসে পাকেতার পাস থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights