৩০ কেজি বাঘাইড়ের সঙ্গে উঠে এলো যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অক্সিজেনের সিলিন্ডার পিঠে বেঁধে নদীর গভীর তলদেশ থেকে মাছ শিকার করেন দেলোয়ার আহমদ (৩৮)। নিয়ে আসেন মাছ। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের জকিগঞ্জের কুশিয়ারা নদীতে এভাবেই ডুব দিয়ে মাছ শিকার করতে নামেন। কিন্তু ৩০ কেজি বাঘাইড়ের সঙ্গে লাশ হয়ে উঠলেন তিনি। ওইদিন সন্ধ্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পূর্ব জামডহর গ্রামের কুরিয়ারবন্দ কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে। দেলোয়ার উপজেলার আমলশীদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারসহ তিন জেলে মাছ ধরতে বৃহস্পতিবার বিকালে কুশিয়ারায় যান। সিলিন্ডার লাগিয়ে নদীর গভীরে গিয়ে রশির ফাঁদ দিয়ে মাছ শিকারে দক্ষ ছিলেন তিনি। পানিতে নামার সময় দেলোয়ারের শরীরে রশি বাঁধা থাকে। অন্যরা নৌকায় থেকে ওই রশি ধরে টেনে তোলার কাজ করেন। সন্ধ্যার দিকে মাছ ধরার সংকেত পেয়ে বাঘাইড়টি টেনে তোলেন সহযোগীরা। মাছটির লেজের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল দেলোয়ারের নিথর দেহ। তার অক্সিজেনের মাস্ক বিচ্ছিন্ন ছিল। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ৩০ কেজি ওজনের বাঘাইড় বেশ শক্তিশালী। মাছটি ধরার পর ধস্তাধস্তি করতে গিয়ে কোনোভাবে অক্সিজেনের মাস্ক মুখ থেকে খুলে থাকতে পারে। এতেই পানির গভীরে শ্বাস রোধ হয়ে তার মৃত্যু ঘটেছে বলে ধারণা। মাছটি তার শরীরের সঙ্গে বাঁধা থাকায় আর তীরে উঠতে পারছিলেন না। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights