৪৩ দিন পর নগর ভবনে এলেন দক্ষিণের প্রশাসক, সব বিভাগের কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে ৪৩ দিন পর এসেছেন প্রশাসক শাহজাহান মিয়া। নগর ভবনে এসে তিনি সাংবাদিকদের বলেন, আজ থেকে সব বিভাগের কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহজাহান মিয়া নগর ভবনে আসেন। নগর ভবনে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাবো। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করবো। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।’

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলন শুরু হয়। ইশরাকের সমর্থকেরা নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। ফলে গত ১৪ মে থেকে সংস্থাটি প্রশাসক নগর ভবনে আসতে পারেননি।

গত রবিবার ইশরাক সমর্থকেরা তাদের চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। সেদিন তারা বলেছিলেন, নগর ভবনে দৈনন্দিন সেবা চালু হলেও প্রশাসক আসতে পারবেন না। সংস্থাটির প্রকৌশল বিভাগ বন্ধ থাকবে।

তবে সংস্থাটির প্রশাসক শাহজাহান মিয়া আজ নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও আজ নগর ভবনে আসতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights