৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

দেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে ৪৮টি দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়। শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

​সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের হাজার বছরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে আমাদের সঙ্গে ৪৮টি দেশের ‘কালচারাল ডিপ্লোমেসি’ বা সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এই লক্ষ্য অর্জনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ দেশব্যাপী পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য বা অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক নেই। বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী ও ঐতিহ্যভিত্তিক লোকসংস্কৃতি চালুর ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন গীতি ও জারি-সারির পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বিএনপি ব্যর্থ হওয়ার জন্য আসেনি। আমাদের সরকার জনগণের ভোটে সরাসরি নির্বাচিত সরকার। দেশের জনগণের কল্যাণই আমাদের প্রধান কাজ। বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। আমরা সেই ভঙ্গুর অবস্থা ও জঞ্জাল পরিষ্কার করে নতুন করে দেশকে ঢেলে সাজাচ্ছি।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডিভোকেট এমএ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন এবং অঙ্কুর নাট্য একাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights