৪৮ ঘণ্টা শাটডাউনের পর এনবিআরের আন্দোলন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
কমপ্লিট শাটডাউনসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ৪৮ ঘণ্টা ধরে বন্ধ ছিল আমদানি ও রপ্তানি বাণিজ্য। অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে এবং রাজস্ব ব্যবস্থার সংস্কারে পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।
রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি-রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এতদ্বারা প্রত্যাহার করছে। তবে, একটি পূর্ণাঙ্গ ও টেকসই রাজস্ব ব্যবস্থার সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।
