৫০ কোটি বছর ধরে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে নক্ষত্র সৃষ্টি কমছে
অনলাইন ডেস্ক
ম্যারাথন দৌড়ের পর মানুষ যেমন হাঁপিয়ে ওঠে, ঠিক তেমনি যেন বিশ্রাম নিচ্ছে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি ‘অ্যান্ড্রোমিডা’! নাসার হাবল স্পেস টেলিস্কোপের নতুন এক গবেষণায় দেখা গেছে, গত ৫০ কোটি বছর ধরে এই গ্যালাক্সিতে নতুন নক্ষত্র সৃষ্টির হার ধারাবাহিকভাবে কমছে। বিশেষ করে গত ৪ কোটি বছরে এই হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।
সম্প্রতি ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ প্রকাশিত এই গবেষণায় হাবলের দুটি ভিন্ন জরিপের তথ্য সমন্বয় করা হয়। ওয়াশিংটন ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী বেন উইলিয়ামস ও প্রধান গবেষক টোবিন ওয়াইনারের দল গ্যালাক্সিটির প্রায় ২০ কোটি নক্ষত্র বিশ্লেষণ করে এর ইতিহাস তুলে এনেছেন।
গবেষকরা জানান, প্রায় ২০০ কোটি বছর আগে অন্য কোনো গ্যালাক্সির সঙ্গে সংঘর্ষ বা একীভূত হওয়ার ফলে অ্যান্ড্রোমিডায় ব্যাপক হারে নক্ষত্র সৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু ৫০ কোটি বছর আগে তা কমে বছরে একটি সৌর ভরের সমান হয়। আর বর্তমানে এটি সূর্যের ভরের মাত্র এক-পঞ্চমাংশে নেমে এসেছে।
বর্তমানে নতুন নক্ষত্র তৈরির বেশির ভাগ কাজই গ্যালাক্সির কেন্দ্র থেকে ৩২ হাজার আলোকবর্ষ দূরের একটি বলয়ে ঘটছে। মজার ব্যাপার হলো, অ্যান্ড্রোমিডায় নক্ষত্র তৈরির জন্য প্রয়োজনীয় গ্যাস ও ধূলিকণার কোনো অভাব নেই; বরং এটি একটি প্রাকৃতিক ধীরগতি বা বিশ্রাম।
গবেষকরা আরও দেখেছেন, প্রতিবেশী স্যাটেলাইট গ্যালাক্সি ‘এম৩২’-এর কাছাকাছি থাকা অ্যান্ড্রোমিডার অংশে প্রায় ৬ কোটি বছর আগে থেকেই নক্ষত্র সৃষ্টির হার কমে যাওয়ার লক্ষণ দেখা গিয়েছিল। মিল্কিওয়ে বা আকাশগঙ্গার মতো গ্যালাক্সিগুলোর জীবনচক্র বুঝতে এই গবেষণা নতুন দিগন্তের উন্মোচন করেছে।
