৫৩০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ঢাবি অ্যালামনাই

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৫৩০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সমাজ পরিবর্তনে শিক্ষার্থী’ শীর্ষক আলোচনা সভায় তাদেরকে বৃত্তি প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের গর্ব করার মতো অসংখ্য বিষয় রয়েছে। সময় কিন্তু অনেক এগিয়েছে, অনেক দ্রুততার সঙ্গে। এখন পরিবর্তনের গতি অনেক বেশি। ১৫ বছর আগেও বিশ্ব যে গতিতে আগাচ্ছিল, এখন সেই গতি নেই। এখন গতি আরও অনেক বেড়েছে। সেই গতির সঙ্গে তাল মিলিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রায় দেড়শো’র বেশি বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো অনেক গবেষণায়, র‍্যাংকিংয়ে ভালো করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর ঐতিহ্য ইতিহাসের সঙ্গে সম্পর্ক রেখে আরও অনেক বেশি এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, অতিমারির সময় অনেকে অনেক বেশি এগিয়েছিল। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে পড়ার সুযোগ নেই, পিছিয়ে যেন না পড়ে। অ্যালামনাইয়ের উদ্যোগগুলো বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যাওয়ার গতি তরান্বিত করবে। সারাবিশ্বে অ্যালামনাইয়ের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয়। আমাদের দেশে এই শক্তিকে ব্যবহার করা হয় না।

ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর মধ্যে ইতিমধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা খুবই প্রশংসনীয়। শিক্ষার্থীদের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা হলে তাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই
অ্যাসোসিয়েশনের গৃহীত কর্মসূচি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমি সংগঠনটির এই সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করবো।

এছাড়া অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার যুব সমাজের সাথে ‘সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রচারাভিযান পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এবং উপস্থিত ছিলেন মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার।

অনুষ্ঠানে আরও বক্তব্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights