৫৭ মুসলিম দেশের জোট ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ

অনলাইন ডেস্ক

মুসলিম বিশ্বের ৫৭টি দেশের জোট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার অভিজ্ঞ কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে তাকে নির্বাচিত করা হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদ বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া তাহার মেয়াদ আগামী নভেম্বর মাসে শেষ হওয়ার কথা রয়েছে। নতুন মহাসচিবের মেয়াদ হবে পাঁচ বছর।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা-

নতুন মহাসচিব হিসেবে ইসমাইল উলদ শেখ আহমেদের রয়েছে তিন দশকেরও বেশি আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন। জাতিসংঘে দায়িত্ব পালনের সময় ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ফলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার রাজনৈতিক ও নিরাপত্তা সংকট সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

আফ্রিকান ইউনিয়নের সমর্থন ছিল-

ওআইসির মহাসচিব পদে ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা আগে থেকেই আফ্রিকান ইউনিয়নের সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২০২৭-২০৩২ মেয়াদের জন্য তার প্রার্থিতাকে সমর্থন করে। ৫৭ সদস্যের ওআইসি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিস্তৃত অঞ্চলজুড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দেশগুলোকে নিয়ে গঠিত। সংগঠনটির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।

ফিলিস্তিন ইস্যুও ছিল বৈঠকের আলোচনায়-

নতুন মহাসচিব নির্বাচনের বৈঠকে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতিসহ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, ফিলিস্তিন সংকট এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার সময়ে ইসমাইল উলদ শেখ আহমেদের মতো অভিজ্ঞ কূটনীতিকের নেতৃত্ব ওআইসির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তথ্য সূত্র – গালফ নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights