‘৫ আগস্টের ভিত্তি ছিল বিএনপির রক্তস্নাত ১৭ বছরের দীর্ঘ লড়াই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট একদিনে তৈরি হয়নি। গণঅভ্যুত্থানের এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের লড়াই, সংগ্রাম আর সীমাহীন ত্যাগের বিনিময়ে। যেকোনো গণঅভ্যুত্থানের একটি মজবুত ভিত্তির প্রয়োজন হয়, আর ৫ আগস্টের ভিত্তি ছিল বিএনপির রক্তস্নাত ১৭ বছরের দীর্ঘ লড়াই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর রাজপথের আন্দোলনের মাধ্যমে সে ভিত্তি গড়ে উঠেছে।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে র‌্যালি ষোলশহর গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, শওকত আজম খাজা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক শহিদ্যুল ইসলাম সুমন, আরিফুর রহমান মিঠু প্রমুখ।

শামীম বলেন, বিএনপির ইতিহাস লড়াই ও দেশ গড়ার ইতিহাস। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ করেছেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে নতিস্বীকার না করে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকারের রাজনীতিকে টিকিয়ে রেখেছেন। দেশের মানুষ অতীতে যেভাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর ভরসা রেখেছিল, আজ ঠিক একইভাবে তারেক রহমানের নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা স্থাপন করেছে। জনগণের প্রত্যাশার এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিটি বৃহৎ প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights