৫ দিনের রিমান্ড আওয়ামী লীগ নেতা শাহে আলম

অনলাইন ডেস্ক
ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত।

এ দিন শাহে আলমকে আদালতে হাজির করা হয়। এরপর তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ওবাইদুল ইসলাম। রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, ১৭ এপ্রিল উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর বিভিন্ন থানায় কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের আত্মীয় আব্দুর রহমান। এ মামলার এজাহারনামীয় ৭০ নম্বর আসামি শাহে আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights