৬ মাসে অন্তত ২০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন: গাজী আতাউর রহমান

অনলাইন ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দাবি করেছেন, শিল্প পুলিশ, বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য বিশ্লেষণে চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ২০ হাজার শ্রমিক চাকরিচ্যুত বা ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

সোমবার (৬ জুলাই) কুষ্টিয়া শিল্পকলা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার মজলিসে শুরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের অধিকাংশ শ্রমিক ন্যূনতম মজুরিতে কাজ করেন। আকস্মিক চাকরি হারালে তারা চরম আর্থিক সংকটে পড়েন। তাই তুচ্ছ কারণ, শৃঙ্খলা রক্ষা বা আর্থিক সংকটের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, মালিকপক্ষ ক্রয়াদেশ কমে যাওয়াকে শ্রমিক ছাঁটাইয়ের কারণ হিসেবে উল্লেখ করলেও খারাপ সময়ে দীর্ঘদিন ধরে স্বল্প মজুরিতে কাজ করা শ্রমিকদের চাকরিচ্যুত করা যৌক্তিক নয়। ইতোমধ্যে ছাঁটাই হওয়া শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং তাদের পুনঃকর্মসংস্থানে সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনকে ঘিরে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি জনগণকে অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights