৭ম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার শুরু

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সোমবার (২১-১০-২০২৪) প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনারের উদ্বোধন শেষে ফটোসেশনে অংশগ্রহণ করেন। ছবি : আইএসপিআর

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার আজ সোমবার রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন। এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক প্রযুক্তিগত উৎকর্ষতাকে ব্যবহার করে নিরাপদ উড্ডয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা, উড্ডয়ন দুর্ঘটনা ঝুঁকি হ্রাসকরণ, নিরাপদ উড্ডয়নের ভূমিকা নিয়ে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময় করা। তাই এবারের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘Promoting Flight Safety by Embracing Technological Advancements’।

প্রধান অতিথি এই আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বন্ধুপ্রতীম বিমান বাহিনীর অংশগ্রহণকারীদের পাশাপাশি বাংলাদেশের পেশাদার বিমান চালকদেরও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। যেহেতু বিশ্ব প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ গতি প্রত্যক্ষ করছে, তাই তিনি আশা প্রকাশ করেন যে, সেমিনারটি ক্রমবর্ধমান জটিল পরিস্থিতিতে উড্ডয়ন নিরাপত্তা বজায় রাখা এবং উন্নত করার চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখবে। বিভিন্ন অধিবেশনে আলোচনা কেবল অত্যাধুনিক প্রযুক্তির সম্ভাবনাই অন্বেষণ করবে না বরং নিরাপত্তা নিশ্চিত করার ফলে সেগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। প্রধান অতিথি প্রত্যাশা করেন প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সেমিনারটি সাফল্যমণ্ডিত হয়ে উঠবে।
উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাহরাইন, ইন্দোনেশিয়া, মায়ানমার, রাশিয়া, কাতার, মালদ্বীপ, চীন, কেনিয়া, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিমান বাহিনীর কর্মকর্তারা এই সেমিনারে অংশগ্রহণ করছেন। সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, এমআইএসটি ইত্যাদি সংস্থাসমূহসহ বাংলাদেশে বিদ্যমান অধিকাংশ বেসরকারি এয়ারলাইন্সসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। উল্লেখ্য, এই আর্ন্তজাতিক সেমিনার আগামী ২৩ অক্টোবর (বুধবার) সমাপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights