৭ দিনের জন্য স্থগিত ঢামেকের অ্যাম্বুলেন্স ধর্মঘট
আগামী সাত দিনের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে আলোচনার পরপরই সাত দিনের জন্য ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে।
হাসপাতালের পরিচালক জানান, আগামী সাত দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
তিনি বলেন, এই হাসপাতাল হচ্ছে রোগীদের চিকিৎসা কেন্দ্র, কোনো কারণে এখানে সেবার ব্যাঘাত ঘটুক এটা বরদাশত করা হবে না।
এর আগে ধর্মঘটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। মরদেহ বাড়িতে নেওয়া এবং গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন অনেকে। কেউ কেউ সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানে করে মরদেহ নিয়ে যেতে বাধ্য হন।
বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর এর আগে জানিয়েছিলেন, ঢাকা মেডিকেলের প্রায় চার হাজার রোগীর সেবায় তাদের ১২০ থেকে ১৩০টি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকে। কিন্তু নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তায় গাড়ি রাখলে পুলিশ মামলা দেয় এবং ডাম্পিংয়ে পাঠায়।
তিনি বলেন, হাসপাতালের পুরোনো ভবনের পাশে একটি জায়গা নিজেদের খরচে সংস্কার করেছিলেন তারা। পরে সেখান থেকেও অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। সরকারকে রাজস্ব দিতে রাজি থাকলেও নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা চান তারা।
