৭ বছরেও শেষ হয়নি কালিয়া সেতুর কাজ দীর্ঘ প্রতীক্ষার পর স্টিলের স্প্যান আসতে শুরু
শুভ সরকার ,নড়াইল থেকে
নড়াইল সদরের সঙ্গে কালিয়া ও নড়াগাতি থানার একমাত্র যোগাযোগ মাধ্যম কালিয়া বারইপাড়া সেতুর কাজ ৭ বছরেও শেষ হয়নি। তবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেতুর স্টিলের স্প্যান আসতে শুরু করেছে। চলতি অর্থবছরের মধ্যেই ধনুকাকৃতি নান্দনিক আর্চ সেতুটি দৃশ্যমান হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
২০১৮ সালের জানুয়ারিতে নবগঙ্গা নদীর ওপর ৬৫১.৮৩ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রশস্ত সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও নকশায় ত্রুটি, বাল্কহেডের ধাক্কায় পিলার ক্ষতিগ্রস্ত হওয়া, শ্রমিক সংকট ও ধীরগতির কারণে ছয় দফায় মেয়াদ বাড়ানো হলেও এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি। প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল ৬৫ কোটি টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬কোটি টাকায়।
কালিয়া শহীদ আব্দুস ছালাম ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবু সাহিদ বলেন,“নড়াইল থেকে কালিয়ার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার হলেও নদীর কারণে সময় লাগে দুই ঘণ্টা। প্রতিদিনই নৌকায় ঝুঁকি নিয়ে পার হতে হয়, মাঝেমধ্যে বেশি ভাড়া দিতে হয় মাঝিদের।”
পরিবেশকর্মী শাহ আলম বলেন,“সেতুটি চালু হলে নড়াইলসহ গোপালগঞ্জ, বরিশাল ও বাগেরহাটের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।”
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান,“আগামী সেপ্টেম্বরে ৪২ মিটারের দুটি স্প্যান বসানো হবে। ৮৬ মিটার দীর্ঘ আর্চ স্প্যান তিন মাসের মধ্যে আসবে। এ অর্থবছরের মধ্যেই সেতুর কাজ শেষ করা হবে।
নড়াইল-28.08.2025
