৭ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আদা আমদানি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৭ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আদা আমদানি করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় ১০ টন আদা ভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে। এর মাধ্যমে ১ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হলো পণ্য আমদানি কার্যক্রম। ভারত থেকে প্রতি টন আদা আমদানি করা হয়েছে ৪৫০ মার্কিন ডলারে।
এর আগে গত বছরের ১০ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫ টন আদা আমদানি করা হয়েছিল।
মূলত রপ্তানিমুখী হওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি অনেকটাই অনিয়মিত।
সিঅ্যান্ডএফ এজেন্ট হাসান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাসিবুল হাসান জানান, রমজান উপলক্ষে বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানির প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে আদা আমদানি করা হয়েছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ জানান, আমদানিকৃত আদা থেকে প্রায় ১ লাখ টাকা শুল্ক আদায় করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষার পর আদাগুলো ছাড় দেয়া হবে বন্দর থেকে।
