৮৫২ কোটি ডলারের অস্ত্র কেনার অনুমোদন ভারতের

অনলাইন ডেস্ক

ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ৮৫২ কোটি ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, আর্টিলারি বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার এ অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ।

প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ভারতীয় সামরিক বাহিনীর জন্য সমরাস্ত্র কেনার অনুমোদনের জন্য শীর্ষ সরকারি সংস্থা। প্রতিরক্ষা বাহিনীর জন্য সব ধরনের অস্ত্র কেনার জন্য ৮৫২ কোটি ডলারের অনুমোদন দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

সব ক্রয়াদেশ সংক্রান্ত চুক্তি ভারতীয় কোম্পানিগুলোর সাথে করা হবে। অভ্যন্তরীণ প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার জোর দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পারমাণবিক অস্ত্রধর চীন ও পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় এবং বিতর্কিত হিমালয় সীমান্তে চীনা সেনাদের সাথে ভারতীয় সামরিক বাহিনীর উত্তেজনার কারণে ভারত সম্প্রতি তার অস্ত্র কেনার পরিমাণ বাড়িয়েছে। দেশটি তার বেশিরভাগ সোভিয়েত যুগের সামরিক সরঞ্জাম আধুনিকীকরণের চেষ্টা করছে।

ভারত মহাসাগরে চীনা কার্যকলাপ নিয়ে উদ্বেগের কারণে ভারতীয় প্রতিরক্ষা দফতর তাদের নৌবাহিনীর উপর বেশি গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার নৌবাহিনীর অস্ত্রের জন্য ৫৬০ বিলিয়ন রুপি বরাদ্দের কথা জানানো হয়েছে। নৌবাহিনীর জন্য অনুমোদিত ক্রয়ের তালিকায় ২০০টি অতিরিক্ত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, ৫০টি ইউটিলিটি হেলিকপ্টার এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ডিজেল সামুদ্রিক ইঞ্জিন তৈরির অনুমোদন দিয়েছে কাউন্সিল, যা ভারতের জন্য প্রথম হবে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights