৮ ঘণ্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। এর আগে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীতে আটকে যায় ৬টি ফেরিসহ শতাধিক যানবাহন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শুরু হয় ফেরি চলাচল। এর আগে, রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে কুয়াশার কারণে বন্ধ হয় ফেরি চলাচল। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে প্রায় পাঁচ শতাধিক যানবাহন। বাড়তে থাকে যাত্রীদের ভোগান্তি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রবিবার সন্ধ্যা রাত থেকেই আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করতে থাকে। এ সময় ফেরি চলাচলের চ্যানেল ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। মার্কিং পয়েন্টও অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১২টার দিকে দুই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউ টিসি কর্তৃপক্ষ। এ সময় চলাচলরত ৬টি ফেরি মাঝ নদীতে শতাধিক যানবাহন নিয়ে আটকে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights