৯ দিন ছুটি শেষ, অফিস খুলছে কাল

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (৫ এপ্রিল) টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে সরকারি চাকরিজীবীদের। আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে আবারো চালু হচ্ছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস।

আগামীকাল থেকে অফিস খোলা থাকায় ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষজন। রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে ঈদ শেষে বাড়ি থেকে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে।

ঈদের আগে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। এর মধ্যে ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত।

এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, পরে সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

রবিবার থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights