৯ মাসেও গ্রেফতার হয়নি মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামি

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মাছ ব্যবসায়ী তারেক মো. বাবুকে হত্যার নয় মাসেও মূল আসামি গ্রেফতার হয়নি। তবে অপর ১১ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদের মধ্যে ১০ জন আসামি জামিনে মুক্তি পেয়ে এলাকায় মহড়া দিচ্ছে এবং ত্রাস সৃষ্টি করছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। শুধু তাই নয় ফের হত্যার হুমকি দিচ্ছেন সাক্ষীদের।

সোমবার ভোলা প্রেসক্লাবে এসে এমন অভিযোগ করেন নিহত বাবুর বোন মামলার বাদী শিখা বেগম, ভাই মো. মনজিল ও মা নুরুন নাহার।

এসময় তারা অভিযোগ করেন চলতি বছরের ২৭ মার্চ রাত ৯টায় বাবু ইজিবাইক যোগে ভোলা শহর থেকে বাড়ি ফিরছিল। পথে আসমিদের বাড়ির দরজায় শ্যামপুর পাকা রাস্তার উপর বাবুকে হত্যা করা হয়। এ ঘটনায় নাসির ফকিরকে প্রধান করে ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ নাসির বাদে ১১ জন আসামিকে গ্রেফতার করে। এদের মধ্যে ১০ জন জামিনে এসে মামলার বাদী এবং সাক্ষীদেরকে হুমকি দিচ্ছে। মামলার বাদী আরও অভিযোগ করেন হত্যা মামলার ১ নং সাক্ষী আলী আকবরকে হত্যা করার পরিকল্পনার একটি কল রেকর্ড এলাকায় ভাইরাল হয়। ফলে মামলার বাদী ও নিহতের পরিবারসহ মামলার সাক্ষীরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন। নিহত তারেক বাবুর পরিবার প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
এলাকার ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন জানান, তারেক বাবু হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদী ও সাক্ষীদেরকে হুমকি দেওয়ার বিষয়টি এলাকার সবাই জানে। ভয়ে কেউ কিছু বলতে পারছে না।

অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, বাবু হত্যা মামলার একজন ছাড়া সব আসামি গ্রেফতার হয়েছে। আসামিদের মধ্যে শিফাত জেলে রয়েছে। মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights