৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

অনলাইন ডেস্ক
দীর্ঘ ৯ মাসের একঘেয়েমি আর প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে আদালতের অনুমতি পেয়ে কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ বছর এটাই তার প্রথম পারিবারিক সাক্ষাৎ।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এই প্রতিষ্ঠাতা। দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের সাজা খাটছেন। তার স্বাস্থ্যের কথা ভেবে সম্প্রতি সুপ্রিম কোর্ট সপ্তাহে এক দিন পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।

ডন পত্রিকার খবর অনুযায়ী, কারাগারের কনফারেন্স রুমে ইমরান খানের সঙ্গে তার বোন নওরিন নিয়াজির দেখা হয়। ১৫ মিনিটের এই সাক্ষাতে স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে কথা হয়। নওরিন তাকে জানান, আদালত তাকে উন্নত চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

তবে সাক্ষাতে বেশি কিছু আলোচনা হয়নি। কারণ, আদালত আগেই সতর্ক করেছিল—এই সুযোগকে যেন রাজনীতির মাঠে কাজে লাগানো না হয়। তাই দলের কোনো নেতা বা ইমরানের অন্য ভাইবোনদের সেখানে যাওয়ার অনুমতি মেলেনি।

অন্যদিকে, একই কারাগারে বন্দী স্ত্রী বুশরা বিবিও স্বামীর সঙ্গে দেখা করেন। তাদের একান্ত সাক্ষাৎ চলে প্রায় আধা ঘণ্টা। পরে বুশরা বিবিও তার আগের সংসারের দুই সন্তান ও স্বজনদের সঙ্গে ৪০ মিনিট সময় কাটান।

দীর্ঘ বন্দীজীবনে এই সাক্ষাৎ খান পরিবারের জন্য অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে। আদালতের নির্দেশে দ্রুত ইমরানকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights