কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অক্ষয়তৃতীয়া ঘিরে সাগরকন্যা কুয়াকাটার সৈকতে হাজারো সনাতন ধর্মাবলম্বীর ঢল নেমেছে। পুণ্যলাভের আশায় গতকাল সকাল থেকে ভক্তরা সমবেত হয়ে গঙ্গাস্নানে অংশ নেন। এদিন জাগতিক পাপমোচন ও পুণ্য লাভের আশায় আগত পুণ্যার্থীরা সৈকতে মোম ও আগরবাতি জ্বালিয়ে ডাব, হরীতকী, বেল, ধান, দূর্বা ও সিঁদুর সমুদ্রের নোনাজলে অর্পণ করেন। এ সময় সনাতনী নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। এর আগে কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আহ্বান, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণুপূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে শ্রীমদ্ভগবদ্গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশ নেন পুণ্যার্থীরা। কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নীহার রঞ্জনের সভাপতিত্বে সেবাশ্রমে আয়োজিত ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন তাঁর সহধর্মিণী হরপ্রিয়া দেবী এবং পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী। বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত অক্ষয় তৃতীয়াকে ঘিরে প্রতি বছরের মতো এবারও দূরদূরান্ত থেকে আগত ভক্তদের পদচারণে মুখর হয়ে ওঠে কুয়াকাটা সৈকত। স্নান শেষে গতকাল অনেককে পরিবার নিয়ে গীতা পাঠ, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে মগ্ন থাকতে দেখা গেছে।
