ভিক্টোরিয়া ক্যাম্পাসে বিরল উদ্ভিদের বাগান

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ আঙিনায় লাগানো হয়েছে বিরল উদ্ভিদ, ফুল ও ফলের চারা। এগুলো আঙিনায় সৌরভ ও রঙ ছড়াবে। রোপণ করা চারার মধ্যে ছিল মাধবীলতা, নীলমণিলতা, লতা জবা, ভাদ্রা, শিউলি, কনক চাঁপা, সোনালু, হরিতকি, আমলকি, নিম, চাপালিশ, বহেরা, কালো বাসক, কাঁঠাল, আম ও আতা ইত্যাদি।

বৃহস্পতিবার কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির পক্ষ থেকে এসব চারা উপহার দেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. আবু নাঈম ও জেসমিন আক্তার। উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোশারফ হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম, কলেজ স্টাফ ও গার্ডেনার্স সোসাইটির সদস্যরা।

বিরল উদ্ভিদের এসব চারা রোপণের সময় কলেজ প্রাঙ্গণে উদ্দীপনা কাজ করে। ছুটির দিনে কলেজে ঘুরতে আসা দর্শনার্থীরা বিরল উদ্ভিদের চারা রোপণের দৃশ্য দেখতে ভিড় জমান। এদিন দুই শতাধিক বিরল উদ্ভিদের চারা রোপণ করা হয়।
কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মো. আবু নাঈম বলেন, কুমিল্লাকে সবুজে ভরে তোলাই আমাদের লক্ষ্য। কলেজ আঙিনায় বিরল উদ্ভিদের চারা লাগানোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা এসব উদ্ভিদের নাম জেনে থাকলেও কখনো চোখে দেখেনি। আবার কেউ কেউ নামও জানে না। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জ্ঞান অর্জনের সুযোগ করে দিবে এসব বৃক্ষ।

কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, কলেজ আঙিনায় আগেও কিছু বিরল উদ্ভিদের চারা রোপণ করা হয়েছিল। এবার আরও বৃক্ষ যুক্ত হলো। গার্ডেনার্স সোসাইটিকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights