সর্বশক্তি নিয়োগ করেছে সরকার
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে করতে সর্বশক্তি নিয়োগ করেছে কর্তৃত্ববাদী সরকার। কিন্তু এটি এবার আর সম্ভব নয়। এ জন্য বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন, অপহরণ ও গুম করে দেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, চলমান গণ আন্দোলনে অবৈধ শাসকগোষ্ঠী তাদের পতনের আশঙ্কায় ভীত হয়ে পড়েছে। তারা নিরীহ মানুষসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন ও গ্রেফতারের পাশাপাশি গুমের মতো চরম মানবতাবিরোধী কর্মকান্ড করে যাচ্ছে।
রিজভী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপির ঢাকা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল কবিরকে তাঁর ধানমন্ডির বাসা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও নিন্দা জানান। বিবৃতিতে বিএনপির মুখপাত্র বলেন, অবৈধ শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন-মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছেন। নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণ ঘরে না ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ।
