বগুড়ায় মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে গোপাল চৌহান (২২) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল এ রায় দেন।

দন্ডিত যুবক বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত জগদীশ চৌহানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয় কুমার ঘোষ রজত জানান, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গোপাল চৌহান তার মা সোনিয়া চৌহানকে (৬৫) নিজ বাড়িতে হত্যা করেন। হত্যার পর সকালে গোপাল নিজেই থানায় হাজির হন। পরে পুলিশ সোনিয়া চৌহানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মিঠুন চৌহান বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ৮ ফেব্রুয়ারি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গোপাল।
জবানবন্দিতে গোপাল জানান, ছোটবেলায় তার বাবা মারা গেছেন। তার ধারণা মা সোনিয়া চৌহান বাবাকে হত্যা করেছেন। সেই ক্ষোভ থেকেই গোপাল তার মাকে মোটা সুতা দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights