মেসে ডেকে র‌্যাগিং, অভিনব কায়দায় ধরল রাবি প্রশাসন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রসায়ন বিভাগের সিনিয়রদের বিরুদ্ধে মেসে ডেকে জুনিয়রদের র‌্যাগ দেয়ার অভিযোগ ওঠেছে। জানতে পেরে অভিনব কায়দায় অভিযুক্তদের আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, মেসে ডেকে র‌্যাগিংয়ের অভিযোগে রসায়ন বিভাগের ৭ শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগ তদন্তে বিভাগকে জানানো হয়েছে।
জানা গেছে, রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা একই বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে ধারাবাহিকভাবে র‌্যাগ দিয়ে আসছিল। এ ঘটনা কোন এক জুনিয়র বিভাগের শিক্ষককে জানায়। পরে ঘটনাটি ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলমে জানতে পারেন। তিনি বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের থেকে জানতে পারেন আজও তাদের সন্ধ্যা ৭টায় সিনিয়ররা নগরীর মির্জাপুরে স্যামা মেসে ডেকেছেন। তখন তিনি সহকারী প্রক্টর ড. জহুরুল আনিসকে আগেই মেসের সামনে পাঠান। মেসে জুনিয়রদের নিয়ে ঘরের জানালা-দরজা বন্ধ করে যখন সিনিয়রা বসেছিল তখন ছাত্র উপদেষ্টা সেখানে যান এবং সিনিয়র সাতজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে আসেন ছাত্র উপদেষ্টা। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, ছোট একটা রুমে প্রায় ৩০ জন জানালা-দরজা বন্ধ করে বসেছিল। সিনিয়র সবাই বেডে এবং জুনিয়রা ফ্লোরে বসা। সবার ফোন নিয়ে একপাশে রেখেছে। এভাবে নাকি তারা জুনিয়রদের সঙ্গে পরিচিত হচ্ছে। কয়েকদফায় ২০/৩০ জনে ভাগ করে জুনিয়রদের ডেকে বিভিন্ন মেসে বসত তারা। তখন রুমে ডেকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলত ও একজনকে মেয়ে সাজিয়ে তাকে প্রপোজ করাসহ বিভিন্নভাবে মানসিক চাপ দিত বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

জানতে চাইলে অভিযুক্তরা জানান, জুনিয়ররা নোট নিতে বিভিন্ন সময় অনলাইনে জানাত। দেখা করতে চাইত। তাই তাদের সঙ্গে আমরা বসেছি। আশেপাশেই থাকে বলে তাদের মেসে ডাকা হয়েছে। আগেও অনেকের সঙ্গে বসা হয়েছে। পরে নাস্তা খাইয়ে রুমে পৌঁছে দেয়া হয়েছে। তাদের শারীরিক কোন নির্যাতন করা হয়নি।

এ ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক হাসান আহমদ জানান, প্রশাসন বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। দাপ্তরিক কোন নির্দেশনা পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights