চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

তারা জামায়াত-শিবিরের বিভিন্নস্তরের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছেন। তারা হলো- মো. ওমর, সাইফুল ইসলাম, মো. আম্মার, আব্দুল মজিদ, মাহমুদুল হাসান আল বাকি, আল আমিন, আরাফাত চৌধুরী শিবলু, মিজানুর রহমান, মো. তানভীর, আমিনুর রেজা শওকত ও ইয়াসিন পারভেজ।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্তবর্তী বলেন, গত ১২ অক্টোবর অনুমতি ছাড়া সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে হাতে লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে নগরের নিউ মার্কেট এলাকায় ৫০০ থেকে ৬০০ জামায়াত-শিবিরের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে। এ সময় যানবাহন চলাচলে বাধা প্রদানসহ যানবাহন ভাঙচুর, জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। ওই সময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে পুলিশ।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে প্রকাশিত ১১ আসামিকে বুধবার রাত পৌনে আটটার দিকে চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights